ঝিনাইদহ প্রতিনিধি-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণকারীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এতে ২৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনের প্রার্থীতা বাতিল করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।
তিনি জানান, জেলার ৪টি সংসদীয় আসনে জমা পড়া মোট ২৭টি মনোনয়নের মধ্যে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বসের প্রার্থীতা ঋণখেলাপীর কারনে বাতিল করা হয়। এছাড়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা ১শতাংশ ভোটারের ভোটার তালিকার সঠিক তথ্য না পাওয়ার কারনে বাতিল করা হয়েছে। বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থীরা হলো, ওবায়দুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম ও মুর্শিদা খাতুন।
জানা গেছে, ঝিনাইদহ-৪ কালিগঞ্জ আসনে বাতিলকৃত এই প্রার্থীদের মধ্যে গত ১ জানুয়ারি বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা খাতুন মনোনয়ন প্রত্যাহারের জন্য সহকারী রিটানিং অফিসার বরাবর আবেদন করেন।
যাচাই-বাছাই শেষে ২৩ প্রার্থীর মনোনয়ন পত্র সঠিক বলে বিবেচনা করা হয়। তাদের মধ্যে ঝিনাইদহ-১ আসনে ৬জন, ঝিনাইদহ-২ আসনে ৬জন, ঝিনাইদহ-৩ আসনে ৫জন এবং ঝিনাইদহ-৪ আসনে ৬জন।
