ঝিনাইদহ প্রতিনিধি-
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর ও নগ্ন ছবি পাঠিয়ে এক নারীকে উত্যক্ত ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে নুরুল ইসলাম নুরু (৬৭) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত নুরু ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের দশ মাইল বাজারের ব্যাবসায়ী।
অভিযোগ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অভিযুক্ত ব্যক্তি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ওই নারীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। পরিচয় না থাকায় ভুক্তভোগী প্রথমে তা গ্রহণ করেননি। পরবর্তীতে অভিযুক্ত ঐ বৃদ্ধ মেসেঞ্জারে বিভিন্ন অশ্লীল বার্তা পাঠাতে শুরু করেন।
ভুক্তভোগী নারী জানান, গত বেশ কিছুদিন ধরে সে নিজের এবং বিভিন্ন বিকৃত ও নগ্ন ছবি পাঠাতে শুরু করে।
ভুক্তভোগীর ভাষ্যমতে এসব অশ্লীল ভিডিও বার্তা দেখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
তিনি বলেন, “সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে তাকে এসব বার্তা পাঠাতে বারংবার নিষেধ করি। কিন্তু তার অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় আমি ঝিনাইদহ বাসিকে জানানোর চেষ্টা করি। আমি এই সাইবার অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
বিষয়টির সত্যতা জানতে, অভিযুক্ত ঐ বৃদ্ধের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি এমন কাজ করিনি। তাছাড়া যদি ভুল করে হয়েও যায় তবে আপনাদের যা করনীয় তাই করেন। তিনি আরো বলেন, মানুষ ভালো অথবা খারাপ কাজ করেই ভাইরাল হয়– আমি না হয় এভাবেই ভাইরাল হই।
